ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন রাজধানীতে সব ধরনের যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হলেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ভোটারদের যাতায়াত সহজ করতে কর্মদিবসের মতো পূর্ণ সূচিতেই ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডিএমটিসিএলের পরিচালক একেএম খায়রুল আলম জানান, নির্বাচন উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতেও ঢাকার মানুষ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এবং ভোট প্রয়োগে কোনো ভোগান্তি না হয়- সেই লক্ষ্যেই মেট্রোরেল চালু রাখা হবে। এ ক্ষেত্রে মেট্রোরেলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
তিনি আরও জানান, যেসব মেট্রোরেল স্টেশনের প্রবেশ বা বের হওয়ার গেট ভোটকেন্দ্রের একেবারে সংলগ্ন সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। তবে অন্যান্য সব গেট খোলা থাকবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল পরিচালনা নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে গত ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ভোট গ্রহণের দিন ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত একদিন ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।
এ ছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
ডার্ক টু হোপ/এসএইচ